Saturday, November 6, 2021

বাঁধনা পরব

       গো বাঁধনা / জামাই বাঁধনা





রাঢ়বঙ্গে হিমেল শিশিরে শুরু হয়ে গেল শীতের আগমনি গান, বাঁধনা পরব তার মুখ বন্ধন  করে দিল। মাঠে মাঠে সোনালি মধুমালতি সুবাস ছড়াচ্ছে এবার শুধু ঘরে আনার পালা। কৃষিজমির চাষবিন্দুতে যারা দাঁড়িয়ে আছে সেই গো সেবার মধ্যে দিয়েই ধন্যবাদ জানায় কৃষককুল। গতকাল গিয়েছে শক্তি রুপিনীর  আরাধনা, গ্ৰামে গ্ৰামে বাড়িতে বাড়িতে আত্মীয় কুটুম্বে মুখরিত, কাল ভাতৃদ্বিতীয়া, এই মাঝের দিনটি বাঁকুড়া, পুরুলিয়া অঞ্চল বাঁধনা পরবে মেতে ওঠে, শস্যভূমিকে প্রনাম জানায়, বাড়ির নিকোনো মাটির উঠোন চালগোলা আর বনজ পাতার মিশ্রনে গোলা পিটুলি দ্বারা চিত্রায়িত করে, বিকেল হলে গোরুগুলিকে স্নান করিয়ে , বনলতা আর তেল সিঁদুর মাখিয়ে, পিঠ গিরিমাটি বা আলতার ছাপ দিয়ে রাঙিয়ে তোলা হয় , তারপর তাদের বিয়ে দেওয়া হয় , যাতে গো সম্পদ বৃদ্ধি পায় তারই কামনা করা হয়। যেহেতু গ্ৰামজীবনের অর্থনীতিতে কৃষিই মেরুদন্ড তাই টুসুর প্রাক্কালে বাঁধনা পরব কৃষি উৎসবের সূচনা ঘটায়। সকাল থেকেই এদিন গ্ৰামে গ্ৰামে উৎসবের আবহে পাড়ায় ঘুরে ঘুরে নাচ গান  শুরু হয়ে যায় । ফসল কাটার সময় এসেছে, এতদিনের পরিশ্রমের পর যেন একটু বিশ্রাম, তাই গো - বাঁধনা।


এদিকে পশ্চিম মেদিনীপুর অঞ্চলে আজ পালিত হয় 'জামাই ফোঁটা'। অনেকেই মজা করে গান করেন - গরু বাঁধো খুঁটাতে

             জামাই বাঁধো খুঁটাতে

এভাবেই মোটামুটি আজ থেকেই শুরু হয়ে গেল রাঢ় বাংলার পরব, সেইসঙ্গে পিঠা পরব। আজকে রাত্রি বেলা পুরভরা সেদ্ধ পিঠে বাড়ি বাড়ি তৈরী হবে, চলতি ভাষায় 'গড়গড়া পিঠা', চলবে সরস্বতী পূজো পর্যন্ত। তারপর আর কোনোভাবেই এই পিঠে আর তৈরি হবে না। আসলে গ্ৰামীন মানুষ জানে যে এরপর গরম পড়ে গেলে পিঠে হজমে সহায়ক হয় না, আর সেই অভিজ্ঞতা থেকেই এই নিয়ম। তাই হিমেল স্পর্শে আজ থেকেই শুরু হয়ে গেল বাড়ি বাড়ি পিঠে পরবের সূচনা।


গ্ৰামবাংলার এই আন্তরিক উৎসব বেঁচে থাক, বেঁচে থাক গ্ৰামীন সমাজ, এই উৎসব গুলির মধ্যে দিয়েই আমরা মাটি খুঁজে পাই, শিকড় খুঁজে পাই, লক্ষ্মীর পদধ্বনীর শব্দ পাই মধুমালতির শিরশিরানি গন্ধে। নাক ভরে নিঃশ্বাস নিই, দুর থেকে আসছে শাঁখের আওয়াজ, গরুর বিয়ে হচ্ছে, ক্ষেতের উপর উড়ে যাচ্ছে একটা পেঁচা, চাষা জীবন উঠোনে মাথা ঠেকাচ্ছে, কাঠের উনুন থেকে উবে আসছে গড়গড়ে পিঠের সুবাস। টুসু আসছে, ধান্যলক্ষ্মী উঠোন ভরাবে তারই প্রস্তুতি চলছে, আটচালায় হাত পা ছড়িয়ে মশগুল চাষা জীবন। উৎসবের শেষ নয়, উৎসবের শুরু।

           

                      ‌অর্পিতা


1 comment:

  1. প্রানবন্ত প্রতিবেদনটির জন‍্য লেখিকাকে অসংখ্য সাধুবাদ জানাই।

    ReplyDelete