Tuesday, January 2, 2024

অবান্তর সূর্যরঙা চাঁদ

      সৃর্যরঙা চাঁদ 

তুমি আমায় চাঁদ দিতে চেয়েছিলে
অথচ আমি সূর্য ধরতে চেয়েছি
ক্ষতবিক্ষত হয়েছে হাত
সেই হাতেই আবার আগুন জ্বালিয়েছি
 মশালের জন্য নয়, রান্না করবো বলে।
আগুন উঠেছে দাউ দাউ করে
তাঁর ফাঁক দিয়ে দেখা যায়
ঘন মিষ্টি দই বর্ণ চাঁদ
যা তুমি সাজিয়ে নিতে চেয়েছিলে আমার সাথে।

Sunday, November 5, 2023

অবান্তর হেমন্তের হলুদেরা

   হেমন্তের হলুদেরা 


হেমন্তের হলুদেরা ঝরে পড়ে আমার উঠোনে ঝরা শিউলির মত চুমু দেয় আমার নাকের পাতায়, কানের লতিতে
আমার স্তন,নাভি যোনী ভরিয়ে দেয় হলুদে হলুদে।

কত হলুদ!
তারা কেউ লাল, কেউ নীল, সবুজ, বেগুনি।
উজ্জ্বল হলুদের ভিড়ে বিবর্ণ হলুদও থাকে মিশে 
শিশিরে শিশিরে ভিজে তারা আরো সবুজ হয়,
যেন মাতৃজঠর ত্যাগ করা উজ্জ্বল শিশু,
এখুনি ছড়িয়ে পড়বে সমস্ত আকাশে।

Thursday, November 2, 2023

অবান্তর১৪৭ হলুদ হেমন্ত

 হলুদ হেমন্ত

হলুদেরা  চলেছে বানপ্রস্থে
তাদের গায়ে ছিটা ছিটা রক্তের দাগ, 
ও দাগ আজীবন জীবন সংগ্ৰামের,
সংসারে অচল জেনে সময়ের আগে ওরা ছেড়ে চলে গেল।

ওদের রক্তিমতা লজ্জা নয়, কঠিন সংগ্ৰামের রক্ত ক্ষরন, যাকে সৌন্দর্য বলে ভুল হয়।

শিশির ধানকে যুবতী ঘোষনা করে ফিরে গেল যার যার ঘরে।
শুধু আমি -
শুধু আমাকেই -
তুমি ডেকে ডেকে ফেরো পথে পথে,
হাত পা ছড়িয়ে সংসার সংসার খেলি উঠোন জুড়ে।

Thursday, September 14, 2023

অবান্তর১৪৬ ইচ্ছে ৩

    ইচ্ছে ৩



একটা উদ্দাম প্রেম চাইছি ।
অশরীরী আত্মা যেমন করে ভর করে, তেমনি।
চাইছি  আষ্টেপৃষ্টে শরীরে শরীর জড়াতে  রমনে রমনীয় দুর্দমনীয় প্রেম।
হে রম্য পুরুষ -
আসলেই ক্লান্ত আমি
মুক্তি চাইছি আত্মার কাছে।

Wednesday, September 13, 2023

অবান্তর ১৪৫ ইচ্ছে ২

          ইচ্ছে  ২


একটা দুরন্ত শরীর জাগছে !
দুরন্ত দুর্দান্ত অনতিক্রম্য ছন্দ জাগছে  বহুদিন পর।
ঘুম ভাঙছে !
মাতাল হচ্ছি , যত তোমাকে দেখছি।

অথচ -
এখন ডিউটির সময়,
কি বিস্ময়!
অন্তরে বাইরে এখন কাম খেলা করে।

গন্তব্যে ফিরতে হবে
জানলা খোলা, ভাদ্রের ভদ্রতায় চোখ ঢুলুঢুলু
বাস ছুটছে কাশ পেরিয়ে।
স্বপ্ন আসে, মাঝেমাঝে চটক ভেঙ্গে দেখি গন্তব্য শেষ হল কিনা।

Tuesday, September 12, 2023

অবান্তর ১৪৪ ইচ্ছে ১

    ইচ্ছে ১

পালস রেট কমছে
মলমূত্র কফে বমিতে জড়িয়ে ধরছে দেহ
নিঃশ্বাস নিতে গিয়ে প্রশ্বাসেরা টুঁটি টিপে ধরছে,
পারলে এক্ষুনি নিংড়ে নেবে প্রান।

দাঁড়িয়ে আছে প্রিয়জনেরা
পরিজনেরা দর্শক হয়ে,
তাদের চোখেমুখে চিন্তার ভাঁজ।
আই সি ইউর নীলবাতি জ্বলছে
মনিটর জানান দিচ্ছে -
আছে আছে, এখনো প্রান আছে।

এখানে তোমার করার কিছু নেই,
তোমাকে কেউ চেনে না,
তুমি ওদের কেউ নয়।
মনিটর আগলে বসে আছে সবাই
ঐ ই এখন আশার প্রদীপ।

সব চলছে যথাযথ,
যেমনটি  হওয়া উচিত ,
অথচ  মনে পড়ছে তোমাকে !
 তবু তোমার কিছু করার নেই 
তোমাকে কেউ চেনেনা এখানে।

      স্থান - সেবাসদন নার্সিংহোম, বাঁকুড়া 

Sunday, September 3, 2023

অবান্তর ১৪১ দেওয়ার মত কিছুই নেই

       দেওয়ার মত কিছুই নেই 


তোমাকে দেওয়ার মত  আর কোনো প্রান্তর নেই আমার 
ভিজে ভিজে দীর্ঘ হচ্ছে গাছ
অথচ, ধূসর সবজে কুয়াশা মেখে দাঁড়িয়ে আছে ঝাপসা হয়ে ।
ঝাপসা ধূসর ঘোলাটে হরিদ্রাভ সবজেরা জায়গা করছে ক্রমে ক্রমে।
বর্ষার গাছ বলে তাদের আর চেনা যায় না।


তোমাকে যে একটা উন্মুক্ত প্রান্তর দেব-
তাও নেই আমার 
যেখানে  হাত পা ছড়িয়ে আড়মোড়া দিয়ে বসবে,
অতর্কিতে ঝাপটে ধরে ঠোঁটে চুমু আঁকবে
কিংবা জড়িয়ে ধরে ঝরনা হবে আষ্টেপৃষ্ঠে।



অতি বড় সামাজিক হলে কি  প্রেমিক হওয়া যায় ?
সেখানেও হাজার জোড়া চোখ কানামাছি খেলে! ডাঁশ মশা ওড়ে।
তোমাকে একটু বেশী করে যদি অসামাজিক গড়তে পারতাম!
সে ক্ষমতাও নেই আমার ।