২৫ শে ডিসেম্বর
বিস্তির্ণ মাঠের এক কোনে একটা ছোট্ট আস্তানা ছিল আমাদের,
কুয়াশাভরা মাঠে কেমন যেন আবছা মতো ঠেকতো,
মফস্বলীয় জীবনীতে তখনো যেশাশের আবির্ভাব ঘটেনি,
শুধু জানতাম , ২৫ শে ডিসেম্বর , একটুকরো কেকের গল্প,
যেমন করে জানতাম, পৌষপরব মানেই পিঠে খাওয়া।
এমনি এক ২৫ শে , আমাদের ছোটো আস্তানায় সাজো সাজো রব,
মা সেদিন প্রথমবার তার কয়লার চুলোয় কেক বানাবেন,
আর একটুকরো নয়, খাবো গোটা গোটা।
চারিদিকে ভ্যানিলার গন্ধ বাইছে,
আমরা অপেক্ষারত কোনো এক ভীষন নতুন উত্তেজনার।
মা ভীষন ব্যস্ত আগুনের আঁচ বাড়ানো কমানোয়।
অবশেষে ,অপেক্ষার অবসান,
কেক এসেছে,
শুধু আগুন বাড়ানো কমানোর খেলায় অপারদর্শী মায়ের মুখ কাঁচুমাচু,
কেকে পোড়া গন্ধ।
এখন অনেক সুসজ্জিত কেক খাই সারাবছর,
একটুকরো নয় গোটা গোটা, পেট ভর্তি করে।
তবে সেই পোড়া গন্ধ খুঁজে পাই না আর,
বিচ্ছিন্ন হয়েছি আমি
সেই ২৫ শে ডিসেম্বরও।