Thursday, December 29, 2022

অবান্তর ১২৫ আদুরে গীতি

     আদুরে গীতি


তুমি কেউ নয় অথচ সর্বস্বসুখ
তোমাকে ছাড়িয়ে যাওয়া আত্মাকে ছাড়িয়ে যাওয়া, 
লেগে আছো অন্তরাত্মায় কি সহজে।
ওখানে নির্বাসন দিয়েছি তোমায়।
বন্দি করেছি বন্দিনী করে।
সহজ সুখের মত আষ্টেপৃষ্টে জড়িয়ে নিয়েছি গায়,
শীতের চাদর, দুখের ওড়না।
আজ আর জলধারা ঝরনা হয় না,
ঝরনা হয় না নদী,
নদী হয় না সমুদ্র
শুধু শীত জাগানিয়া জংলী পাতারা মুখের উপর ঝরে পড়ে, শিশির ভেজার ডাক শোনায়।
শিশিরে ভিজবো বলেই আত্মাকে ছুঁয়েছি আমি।
অন্তিমে আত্মা, ঈশ্বর, প্রকৃতি , প্রেম নিরাকার
শুধু ছুঁয়ে যেতে হয় গভীর আদরে।

Sunday, December 25, 2022

অবান্তর ১২৫ এমনই তো হবার ছিল

   এমনই তো হওয়ার ছিল


তোমার সঙ্গে যদি  বিচ্ছেদ ঘটে
অনন্ত অভাব থাকবে, প্রতিদিনের কান্না থাকবে, তবু চাওয়া থাকবে না।
আসলে অনন্ত পথ যে পথের গ্ৰন্থি
সে পথের শেষ নেই, সীমা নেই, চাওয়া নেই, পাওয়া নেই, বাঁচা নেই, মরা নেই
শুধু আছে অনন্ত যাপন অনুভব,
ঘুমেল স্বপ্ন আর অন্তরের কথা।

নিজের সাথে তোমার কথা,
নিজের সাথে নিজের কথা
তাড়া নেই, খেদ নেই, উদ্বেগ নেই, আবেগ নেই
শুধু অনন্ত স্থিরতা যেন এমনই নিশ্চিন্ত পরিপাটি ,
তাই মনে মন জোড় বাঁধি, সাজায় গোছায়  কোনো এক অনন্ত অধিকারে সুখে থাকি, 
দুখে ভাসি একার জঠরে।
সংসার সাজাই একাই একার।

Saturday, December 24, 2022

অবান্তর ১২৩ আধকপালে হৃদয়

  আধকপালে হৃদয়

হৃদয় ছুঁতে গিয়ে দেখি আধেক হৃদয় নেই
আধেক হৃদয় ছুঁয়ে আছে ঠোঁটের কোনাতেই
ঠোঁটের কোনায় খুঁজতে গিয়ে আধেক হৃদয় পার।
চোখের কোনের জলের ধারায় হৃদয় ছারখার।
আর কতদিন আধ হৃদয়ে  জীবন করবে পার
গোটা হৃদয় খুঁজতে গেলেই জগত ছেড়ছাড়।
ভালোবাসার হৃদয় গুলো দুখের তাতে মরে।
আধেক হৃদয় আধেক গলি আগুন হৃদয় জ্বলে। 

অবান্তর ১২৪ কিছুই পারিনা

  কিছুই পারিনা

আমি সঙ্গী হতে পারি
নীড় হতে পারিনা।
প্রত্যেক পুরুষই নীড় চায়,
ঝড়ের শেষে ওম চায়,
খড়কুটো সারিয়ে ছাদ চায়,
চাওয়ার মধ্যে বাঁচা চায়,
খড়ের মধ্যে হাত চায়,
হাতের ভেতর সুখ চায়,

অথচ আমি তো শুধুই দুঃখ হতে পারি।