না পাঠানো চিঠি
রক্তাক্ত হই তাই বেঁচে থাকি।
প্রেমিক বলেই প্রেম ঘুরেফিরে আসে ।
যাকে পাওয়া হয়নি কখনো
তার নামে গোটা রাজপথ লিখে দিই ,
ভিজে থাকা পুকুরের কোন তার নামে তুলে রাখি কুলুঙ্গির খামে।
একরাশ বকবক লিখে দিই জমানো ঠিকানায়
মিশে যায় হাত, আর ভেজা ঘাম চুপিসারে।
যে আমার ঘুমঘোরে উঁকি মারে,
দেখা হলে একরাশ উড়ো চিঠি মেলে ধরে,
একা করে, ফাঁকা করে মনে মনে খুব তাকে ঘিরে ধরে।
একা এক রাজপথ, একা এক গলি,
কখনো কখনো তারা করে গলাগলি।
শ্রাবনের শূন্যতা চক্ষু না ভেজে,
ভিজে থাকে মনগলি স্যাঁতস্যাঁতে মেঝে।
বৃষ্টির পরে যদি বুকে রাখো হাত
তখনো দেখবে কাঠফাটা বৈশাখ।
দেখা হবে ঠিক জেনো, হবে আমাদের,
তখনো অচেনা যেন একে অপরের
মনে মনে জল ঝরে
মুখে ভাব নেই
কথা যেন উড়ে গেছে গোপন খামেই।