Tuesday, July 21, 2020

কবিতা ৩৭


                        নির্বিবাদ

আজ জানি,
হারাবার  নেই কিছু মানে, বাঁচার নির্লজ্জতা মানি

 যদি ঘটে অপচয়, সেও সঞ্চয়,
পচে হবে জৈব সার।
তাই যাব বললেই যাওয়া নয়।

রয়ে রয়ে তাই, সার খুঁজি ,
 জীবনের নয়, বাঁচার অনুষ্ঠানের।
 অনাগত ভয় , আগত ভীষণ, তবু ক্ষয় রোধ করা, ক্ষয়ে ক্ষয়ে।
যদি আটকানো যায় ক্ষয়, আমার নয়, মাটির।

শিকড়ের তলবোনা ঝাঁঝরিরা জল ঝাড়ে, টুপটাপ করে।
 আমি শুধু চেষ্টা করে যায় রোধ করার, আমার নয়, মৃত্তিকার।
           
                    অর্পিতা

Wednesday, July 15, 2020

কবিতা ৩৬


                    ফেরিওয়ালা


ভালো থেকো বললেই হল, জানো না ,ভালো রাখার দায় থাকে ?
জলসেচনের পর তাপ চাই, চাই সুর্যতাপ।
না হলেই, পাতা হলুদ হতে হতে ফ্যাকাশে ।
অবাঞ্চিত হাওয়া এসে পাতা ছিঁড়ে নেয় একটি দুটি করে, অজান্তেই।

অথচ, তখনও তুমি বলে যাচ্ছো ,
যত্নে থেকো,
অথচ যত্নের ভাগ নিচ্ছো না !
তাই ,একঘর যত্ন কিনেছি,
তেল সাবান শ্যাম্পু্র যত্ন ।
সাজিয়ে রাখছি এবেলা ওবেলা পরিপাটি করে।

একদিন নিশ্চয় ঝোড়ো ফেরিওয়ালা হাঁক দেবে -
যত্ন চাই গো  যত্ন ?  ভালো থাকা চাই? বেশি না গো ,এই দুটাকা পাঁচটাকা ।
সেইদিন একে একে বার করবো সাজ পরীদের।
তারপর একে একে উড়িয়ে দিয়ে বলবো - যত্ন চাই গো ? ভালো থাকা চাই? ভালোবাসা - এখনও পড়ে আছে শেষপাতে ।

আমিও ফেরিওয়ালা হবো ।
     
                      অর্পিতা

Wednesday, July 8, 2020

কবিতা ৩৫


প্রচন্ড মাথাব্যাথায় আধো ঘোরে শব্দেরা উঁকিঝুঁকি মারে, কি জানি কি লেখা হয় অবচেতনে , অজান্তেই। একে একে শব্দ আসে আধো ঘোরে, কারো মুখ ভেসে ওঠে, কিছু ঘ্রান, তাও কি জানি ছাই, ঢলে পড়ি ঘুমের কিনারে। শব্দেরা ঝিকিমিকি করে মগজ ভিতরে, ছুঁয়ে ছুঁয়ে যায়, কিছু ধরতে পারি কিছু হেসে উড়ে যায়। বাতাসের কানে ফিসফিস করে , বলে- 

           কি জানি

অনেক পথ বাকি এখনও
আশমানী রঙে ঢেকেছি যে আঁচল,
ধূসর রঙের প্রায় উড়ে উড়ে যায়।

অথচ সবুজ ছিল প্রিয়,
বিশুদ্ধ সবুজ, জলে ভেজা সোঁতা গন্ধ তার,
হরেকরকম রঙ, লাল সবুজ ,নীল সবুজ
এখনও কাঁচপোকারা মিটিমিটি চায়,
প্রেম আগলায়, এ ঘরে ও ঘরে।

রাত্রি আসে রাত্রি যায় , গুবরেরা ডাক ছাড়ে,
পেখম মেলার তার হয়েছে সময়
তবু কাছে যাই, বিদায় জানায় নিস্পৃহভাবে,
যেন তার কর্মসংগতি।

এরপর বহু কাজ একে এক উমনো ঝুমনো,
ছুটে চলে এঘর ওঘর রাত্রিকাল নাই তার বাস,
তবু ছুটে চলে ইচ্ছে মাতনেরা।
ঝড় ওঠে, ঝড় থামে এ দিনকাল।
নিভৃত জীবন
নিরাকার, সাকার।


                  অর্পিতা চৌধুরী

Thursday, July 2, 2020

কবিতা ৩৪


একটা চাটাই বুনেছি কতদিন ধরে,
এখন পরতে পরতে আমসত্ত্ব শুকোচ্ছি।
এক পরত যায়, আবার এক পরত।
মেলে দিয়েছি রাস্তায়, উঠোনে, এমনকি বাঁশবাগানেও ।
এখন আর কোনো জায়গা নেই, না চাটাই আছে না রাস্তা ফাঁকা।
চৌরাস্তার মোড়টা ফাঁকা আছে কি?
বহুদিন দেখি না ।
এখনও মাঝে মাঝেই বৃষ্টি ঝরছে
তুমি কি কাল আসবে?
      
                      অর্পিতা