গল্পহীন গল্প
জীবন গল্পহীন হলে
আকাশ ঘিরে নেমে আসবে মেঘ
গল্পের ভেতর কবিতারা চুপ করে বসে শুনবে
চরকা বুড়ির গান,
কবিতার চরিত্ররা হয়ে যাবে দেবদূত,
ডানা মেলে তারা উড়ে যাবে অর্ফিয়ূসের খোঁজে।
মেঘেরা উড়তে উড়তে ডানা ঝেড়ে শুকিয়ে খানিক নেবে,
হাঁসের দল নকসী গান গাইতে গাইতে হারিয়ে যাবে,
অভিমানী আকাশ চুপ করে বসে থাকবে চোখের তারায়,
তার চোখে মরমীয়া গান, মনে শ্যাম।
তুমি আমির কাব্যে তখন শুধুই ভিড়
কালো কালো মাথা, গিজগিজে পা, শশব্যস্ত সকাল।
মেঘেরা কখন যেন চলে গিয়েছে অপেক্ষা করে করে।
পড়ন্ত বিকেলে তারই দুএকটা রুপোলি দাগ ছাপ রেখে গেছে উঠোনে, অবেলায়, কালবেলায়।