Wednesday, March 17, 2021

অবান্তর ৫৩

 

            সর্বদা প্রস্তুত থেকো

আমাদের কখনো অপ্রস্তুতে দেখা হয়নি।
যেমন, খুব শীতকালে লেপের তলায় কুকুর কুন্ডলী হয়ে,
অথবা গ্ৰীষ্মের দাবদাহে ঘামাচি ভর্তি গাল আর হলুদ ছোপা জ্যালজেলে শাড়িতে,
কিংবা ধর , আধখোলা গামছা জড়ানো গা আর হাতে মাজন।


আমাদের কখনো দেখা হয়নি হাঁড়ি কড়া সাজিয়ে পা ছড়িয়ে ক্লান্ত হাঁ খাওয়ার সময়।
সত্যিই কখনো দেখা হয়নি নাক ডাকার সময় অথবা নাক খোঁটার সময়।


তখন জ্বরে পুড়ে যাচ্ছে গা,
আচ্ছন্ন লালারা নামছে কষ বেয়ে ,

তখনো তোমার পাশে থাকা হয়নি আমার।


এরকম বহু বহু প্রাগৈতিহাসিক সত্যের সঙ্গে ঘর করা হয়নি আমাদের।
গরমে ঘামাচিতে আঙ্গুল চালানো, কিংবা শীতে বিসদৃশ হাঁচি কোনোটাই পরিচয় করেনি আমাদের সাথে।


অথচ-
আমরা কেমন এক সুশীতল মনোহর শীতলপাটি বিছিয়ে চলেছি,
সুগন্ধে, পরিপাটিতে ,নির্দিষ্ট টেবিল চেয়ারে ,কাঁটা চামচের সজ্জায় ,দৈন্যতা গুলো একে একে  সাজিয়ে রেখেছি নিপুন হাতে।
আমরা আসলে কোনো আচম্বিতেই দেখা করিনি,
নির্দিষ্ট সময় ছাড়া কখনো দেখা হয়নি  আমাদের।
পরিপাটি সজ্জাতেই আমরা শোকের ঘরে শোক ভোলাতে গেছি।

1 comment:

  1. আশ্চর্যচর্যাচর্যবিনিশ্চয়!!!

    অনবদ‍্য পংক্তিমালা।

    ReplyDelete