পর্ণমোচী
এসো না পর্ণমোচী তোমাকে একটু একটু করে চিরহরিৎ সাজাই,
একটা একটা করে পাপড়ি খুলে ফেলে ওষ্ঠকোরক রাঙিয়ে তুলি,
ঐ যে দুরে যেখানে শিশিরেরা বৃষ্টিফোঁটায় পড়ছে ঠিক অমনি করে ভিজিয়ে রাখি তোমায় শিশির সিক্ত গভীরতায়।
তোমার শিৎকার, লজ্জা, পর্ণমোচন সমস্ত,
সমস্ত এমনকি তোমার থেকে ধোঁয়া ওঠা শিরিষ ফুলের বাস ,
সমস্ত কিছু কে চিরহরিতে সাজিয়ে দিই একটু একটু করে আমার তুলির আঁচড়ে, রঙে আর মনের ছটায়।
তারপর!
দেখবো তুমি আর কতবার পর্ণমোচন করতে পারো, কতবার ঝরতে পারো ?
চিরহরিতের সবুজ দেখে কতবার তোমার অপ্রেম নিস্তব্ধ হতে পারে ,
আমি তো একা নই,
তোমার প্রেম, তোমার অপ্রেম, তোমার অবহেলা, তোমার বিসর্জন সব নিয়েই আমি পরিপূর্ণ চিরহরিৎ।
ঐ কাঁসায়ের তীরে হাত বাড়াও,
দেখো কুসুমের লাল পাতারা তোমায় হাতছানি দিয়ে ডাকছে, বিছানা করে থাকা শালফুল ,
অপ্রেম , চিরহরিৎ হও ----
No comments:
Post a Comment