Sunday, June 21, 2020

কবিতা ২৮


         এখনও সময় হয়নি


ছায়ার মত ছায়াবাজি যদি ভালোবাসা হয়,
তাহলে অত্যাচার কি?

অনবরত অবহেলা যদি ভালোবাসা হয়,
তাহলে ঘৃনা কি?

ধরবো বললেই পাওয়া যায় কি?
বন্ধ মুঠি খোলা দরজা।

আপোষ আর আফশোস সহজ কথা নয়,
এপিঠ ঘুরলেই দুপিঠ।

অন্তিম কাব্য সর্বোচ্চ বানী !
নাকি তারপরেও কিছু থাকে,
থাকতে হয়।

যাবো বলে ফিরে এলাম,
অথচ চাবি ভুলে গেছি।

অমোঘ বানীর পরেও যে জন থাকে,
সেই টিকে থাকে।

বন্ধ কপাট খোলা জানলা ,
অথচ ঘরভর্তি অন্ধকার।

প্রচুর খেলনা সাজিয়েছি,
অথচ খেলুড়ে মিসিং।

খেলতে খেলতে তাকিয়ে দেখি,
একটিও নেই এ তল্লাটে।

গাছভরা মেঘ আর পাটভাঙ্গা শাড়ি,
দুটোই বর্ষার অন্তিম কাব্য।

চেষ্টা করে যাচ্ছি, করে যাচ্ছি, করেই যাচ্ছি,
অথচ নীট ফল জিরো।

পাল্টাবো বললেই পাল্টানো যায়?
না শুধু ক্ষনগীতির মায়া।

মায়া কাটলেই সূর্য উঠবে,
মায়া তো ভালোবাসারই রূপান্তর।

দরকার বলেই তো ভালোবাসি,
ভালোবাসি বলেই তো দরকারী হই।

পৃথিবী ধরবো বলেই তো ঘরের কোনে আছি,
অথচ তুমি দিগ্বিজয়ে বেরোলে।

যাচ্ছো ? বললে না?
না কি এ পুনরাবৃত্তির পুরাবৃত্ত।

বসে থাকার গান গাইছি,
প্লিজ দৌড়তে বোলোনা।


                         অর্পিতা

1 comment:

  1. দুর্দান্ত লেখনি। ফিল গুডনেস আরও জমাট হোক। নিজেতে নিজেকে ভালো রাখার মানুষের ডানা কাঁপবার কথা নয়।স্বার্থকামী,সুবিধেবাদীদের কাছে সময় প্রত্যাশার প্রহসনের অংশ না হওয়াই শ্রেয়। চেষ্টা, যত্নের অভিমুখ স্বয়ং কবিকেই ভালো রাখুক। সৃষা,ধরিত্রী,প্রকৃতির ভালো থাকাটা জরুরী। সৃষ্টির সজীবতার তরে। ভালো থাকুন।

    ReplyDelete