দেবী
তোমার কপালে সূর্যোদয়ের লাল টিপ, পরনে সুখী ঢাকাই শাড়ি, তোমার অঙ্গে অঙ্গে গৃহকোনের নিপুনতা,কঠিন ব্যাস্ততার ফাঁক গলে তুমি এসেছো আমার কাছে, ঠিক যেমন করে সব কাজের ফাঁকে তুমি নখে পালিশ দাও হাসিমুখে।
বোধন চলছে
আমার কঠিন মুখের সামনে নতজানু তুমি, অথচ কঠিন মুখের আড়াল থেকে আমি লোভীর মত দেখছি তোমার সুখের ঢাকাই আর লাল টিপ, তুমি ভাবছো দেবী তাকিয়ে আছেন আমার দিকে ।
তিলে তিলে গড়ে ওঠা দেবী আমি,
তাই দূরত্ব আমার আয়ত্ব,আমি বরাভয়, অথচ তাকিয়ে থাকি তোমাদের সুখচিহ্ন সজ্জিত মাটির দিকে।
দেবীর বোধন হয় তাই বিসর্জন অবশ্যম্ভাবী,
তোমাদের তো আবাহন বিসর্জন নেই, শুধুই ধারাবাহিক সংসার।
ঢাক বাজছে চারিদিকে, বিসর্জনের বাজনাতে ডুবে যাচ্ছি আমি,
সমস্ত পূজন নিয়ে তলিয়ে যাচ্ছে বরদাত্রী,
এখনও শুধু শুন্যে উত্থিত আমার আরাধ্য কুচযুগ ও মুখমন্ডলী।
তখনও ,ঠিক তখনও, তোমাকেই দেখছি আমি
পরনে ঢাকাই শাড়ী, কপালে লাল টিপ, পরিপাটি।
মুখে জ্বলজ্বল করছে সুখচিহ্ন।
অনবদ্য
ReplyDelete