Monday, March 2, 2020

কবিতা - ২০


                         পিতৃভূমি
জানো, এটা আমার  জন্মভূমি নয়, পিতৃভূমি।
এখানে আমি বড় হইনি , তাই এখানে আমার কোনো শৈশব নেই।
নেই কোনো কৈশোর বা কিশোরী বেলার প্রেম।
তবু যখনই ফিরে ফিরে আসি,
স্মৃতিচিহ্নের মত লম্বা টানা বারান্দা,টিমটিমে হ্যারিকেনের আলোয় কচিকাঁচাদের পাত পেড়ে  সার সার মাথা, আর হাতপাখা গুলো প্রশ্ন চিহ্নের  মতো দুলতে থাকে, দুলতেই থাকে ।
এখন আর কোন রাগ নেই, ভাগ নেই, চিৎকার ক্যাঁচ ক্যাঁচ এমনটি বাসন মাজার শব্দ টুকুও নেই।
সব যেন শালগ্রাম শিলা, নিটোল নিশ্চুপ।
এমনকি পায়রা, কাকগুলোও ভদ্রলোকের মত ঘড়ি ধরে এসে খেয়ে যায়।
সবকিছু নিটোল নীরব ।
এখানে তুমি নেই, আমি নেই , নেই কোন প্রশ্নচিহ্ন।
সারি সারি তালা বন্ধ ঘরেদের পিছনে নেই কোনো অদেখা রহস্য,
তবু বড় নিশ্চিন্ত হই।
রঙচটা জামায়, না আঁচড়ানো চুলে এলোমেলো দিনযাপন বড় প্রিয় আমার।
এ যেন এক অন্য সুখ, শুধু একার, চেটেপুটে খাওয়ার।
ঝরাপাতার মত ঝরতে ঝরতে ,
যখন নিশ্চিন্তে বিছিয়ে থাকি,
তখনই তো আনন্দ,
এ পুজো আমার ,একান্ত আমার, নিজস্ব ।
               লেখনী- অর্পিতা চৌধুরী

2 comments:

  1. এই স্বর্ণ-স্মৃতি মেদুরতা চির অম্লানতার। এভাবে ভাবতে পারলে পৃথিবীর কোনও মানুষই গৃহহীন, উদ্বাস্তু হতে পারে না। জন্মভূমির ওপর ছোবল আসতে পারে ধ্যানের, সত্তার পিতৃভূমি অবিচল, অনন্ত।

    ReplyDelete