দেওয়ার মত কিছুই নেই
তোমাকে দেওয়ার মত আর কোনো প্রান্তর নেই আমার
ভিজে ভিজে দীর্ঘ হচ্ছে গাছ
অথচ, ধূসর সবজে কুয়াশা মেখে দাঁড়িয়ে আছে ঝাপসা হয়ে ।
ঝাপসা ধূসর ঘোলাটে হরিদ্রাভ সবজেরা জায়গা করছে ক্রমে ক্রমে।
বর্ষার গাছ বলে তাদের আর চেনা যায় না।
তোমাকে যে একটা উন্মুক্ত প্রান্তর দেব-
তাও নেই আমার
যেখানে হাত পা ছড়িয়ে আড়মোড়া দিয়ে বসবে,
অতর্কিতে ঝাপটে ধরে ঠোঁটে চুমু আঁকবে
কিংবা জড়িয়ে ধরে ঝরনা হবে আষ্টেপৃষ্ঠে।
অতি বড় সামাজিক হলে কি প্রেমিক হওয়া যায় ?
সেখানেও হাজার জোড়া চোখ কানামাছি খেলে! ডাঁশ মশা ওড়ে।
তোমাকে একটু বেশী করে যদি অসামাজিক গড়তে পারতাম!
সে ক্ষমতাও নেই আমার ।
No comments:
Post a Comment