Wednesday, August 30, 2023

অবান্তর ১৪০ কথা ছিল আগুন হওয়ার

    কথা ছিল আগুন হওয়ার 


তুমি যখন আকাশ ভরা দুঃখ ছড়াও 
তখন আমি বারুদ ভরা নৌকা ভাসাই ।
চোখের থেকে আগুন ঝরে,
ভিতর বাহির খাঁ খাঁ করে-
জল ঝরে না, মাঠ ফাটে না, 
অশ্রুরা সব বাস্প হয়ে এক নিমেষে -
পাড় খুঁজে পায় তেপান্তরে।

তখন আমার ক্রোধই সঠিক
আগুন নারীর আগুনে আঁচ
পুড়িয়ে দেওয়া  নিয়ম মাফিক।

কিন্তু যত বেনিয়মের হিসেব নিকেশ চুকিয়ে দিয়ে,
আমি তখন দুঃখ খুঁজি
তোমার জন্য গাছ বসিয়ে,
তোমার জন্য দুঃখ খুঁজি।
আমি তখন তুমি হয়ে 
ব্যাথার প্রলেপ শিশির খুঁজি।

অথচ তখন কথা ছিল আগুন হওয়ার,
কথা ছিল ভাঙ্গন তারার দেবী হয়ে
তেপান্তরের মাঠ পেরোবার।
কোথায় আগুন!
তোমার কথায় তোমার জন্য দুঃখ ঝরে।
কথারা সব তোমার মুখের আদল ধরে,
যুক্তিরা সব তোমার দিকেই যুক্তি করে ।

তখন আমি ভীষণ একা ,
দুঃখ গুলোও একলা হতে ভয় করে,
ওরাও তখন তোমার হয়ে তোমার জন্য সওয়াল করে।
একলা করে।

No comments:

Post a Comment