Tuesday, August 8, 2023

চিঠিপত্র ২২শে শ্রাবন

        চিঠিপত্র                        ২২শে শ্রাবন 


আমাদের মধ্যে একটা দাম্পত্য আছে, এক বিবাহ আছে। বিবাহ মানে তো শুধু বহন নয়, তা মননও বটে। একসাথে থাকা হল না বলে, মাছের ঝোল ভাতের জীবন হল না বলে তা বহন নয় এ ভাবনা অমূলক, বরং এই যে ঘিরে থাকা, খেয়াল রাখা, দূরে থেকেও আগলে রাখা এই তো বিবাহ, এর নাম ভরসা। এ ভরসা তো কাউকে হঠাৎ হয় না, এ ভরসা সবার উপর জন্মায় না,বরং বলা ভালো বিশেষ না হলে কারোর উপরই জন্মায় না।আমি আশা না করতেই পারি কিন্তু এই ভরসাটুকুই বন্ধন, বিবাহ। এই যে দূরে থেকেও কাছে থাকা, মনে মনে ছেয়ে থাকা, মেঘের গায়ে আঁকিবুকি আলাপন, এই যে তুমি আছো, নেই এর রাজ্য, এও তো বিশেষ রূপে বিবাহ, বহন। আমাদের একসঙ্গে থাকা হল না বলে, একসাথে চলা হল না বলে আমরা একে অপরকে অতিক্রম করে গেছি তা তো নয়, বরং দৈনন্দিন লেনদেনের ঘটিবাটি না বাড়িয়ে  নির্ভার পথ চলা এও এক চলা বৈকি ,একসাথে না থেকেও ভালো রাখা, এও এক বন্ধন বৈকি। এ বন্ধনে কোথাও বাঁধন নেই অথচ জড়িয়ে আছো সর্বত্র আকাশে, বাতাসে, জলভরা বরিষনে, শ্রাবনে -
                    ইতি 
                     মেঘদূত 

No comments:

Post a Comment