Tuesday, May 3, 2022

অবান্তর ১০১ দূরত্ব

       দূরত্ব



দুরত্বের একটা নিশ্চুপ গন্ধ থাকে।
তুমি আছো অথচ নেই,কিংবা আছো,
অথচ অস্বীকার করছো জনসমক্ষে।
কি আশ্চর্য !
তবু আমার দুঃখগুলো আগের মত আর ঝর্না হচ্ছে না
জলের সঙ্গে ঝর্নার দূরত্ব বাড়তে বাড়তে খরজমি।
দূরত্বের ফাটলে হাত বাড়ালে হাত লম্বা হতে হতে বেনাগাল।
অনুগতর জার্সি পরে যখন দাঁড়ালে 
তখনও ঘরে ফেরার আনন্দ হচ্ছে না বুকের ভেতর,
দ্রিমিদ্রিমি শব্দেরা সব উধাও আজ।

সবই কেমন নিটোল, নিভাঁজ, সাজানো, পরিপাটি, তবু  বোশেখ শূন্যতা।
যেন আগে যেমন কোথাও ছিল না, এখনো নেই।
শুনছি সবই!
তবু, গরম লু এর মত  ঝাপটা মারছে না, 
অ- সুখ

প্রান পুড়ছে না, শরীর গলছে না।
সব ঝর্না কি আসলেই একসঙ্গে শুকিয়ে মস্তিষ্ক হয়ে যায়?
এত এত প্রশ্ন!
তবু কেমন নির্লিপ্ত ধারাবাহিকতা।
যেন ছিল তাই আছো , না থাকলেও থাকবে।

1 comment:

  1. "দুরত্বের একটা নিশ্চুপ গন্ধ থাকে।" ... একেবারে সত‍্যি কথা। পুরো কবিতা জুড়ে এক অনামিক সুঘ্রাণ, সুস্বাদ জড়িয়ে আছছ। স্রষ্টাকে সাধুবাদ জানাই।

    ReplyDelete