Friday, July 14, 2023

অবান্তর ১৩৬ গল্পহীন গল্প

 গল্পহীন গল্প


জীবন গল্পহীন হলে
আকাশ ঘিরে নেমে আসবে মেঘ
গল্পের ভেতর কবিতারা চুপ করে বসে শুনবে
চরকা বুড়ির গান, 
কবিতার চরিত্ররা হয়ে যাবে দেবদূত, 
ডানা মেলে তারা উড়ে যাবে অর্ফিয়ূসের খোঁজে।
মেঘেরা উড়তে উড়তে ডানা ঝেড়ে শুকিয়ে খানিক নেবে,
হাঁসের দল নকসী গান গাইতে গাইতে হারিয়ে যাবে,
অভিমানী আকাশ চুপ করে বসে থাকবে চোখের তারায়,
তার চোখে মরমীয়া গান, মনে শ্যাম।


তুমি আমির কাব্যে তখন শুধুই ভিড়
কালো কালো মাথা, গিজগিজে পা, শশব্যস্ত সকাল।
মেঘেরা কখন যেন চলে গিয়েছে অপেক্ষা করে করে।
পড়ন্ত বিকেলে তারই দুএকটা রুপোলি দাগ ছাপ রেখে গেছে উঠোনে, অবেলায়, কালবেলায়।

1 comment:

  1. এ নিবিড় লিপিমালার অনির্বচনীয় পথ ও পন্থার বৈচিত্র... অনুপম, অপ্রতুল ও অনন্য। গল্প এখানে মায়ামাত্র। গল্পহীনতা যদি এ্যাতো বাহারি হয় ; আকাশ, বাতাস, মেঘ-মাটিকে অপরূপ চাঞ্চল্যে অথির মদির করে তোলে ... গল্পহীনতাই ভালো। তাছাড়া গল্প তো সত্যি নয়; সত্যির মতো ; সুশোভন সাজানো সত্যিমাত্র। কবিমনের অপর জোড় নিয়ে যে কাব্য রচিত; তাও বানানো কহতব্য মাত্র।ভিড়, মেঘ ও মেজাজ অস্থির তাদের নিয়ে কথা ফুরোয় না। কথা ফুরোতে না ফুরোতে,তারা নিজেরাই ফুরিয়ে যায়। বেলা-অবেলা-কালবেলার কিছু লোলুপ নাছোড় অঙ্গন-দাগ কচ্চিৎ অতিরিক্ত কিছু মুহূর্ত ভিক্ষা করে যায়। প্রেমিকেরা চিরকাল কাঙালই রয়ে যায়। যতোই ভাব ভাবনা মনে বুদবুদ জমাক,ক্ষণজন্মাকে নিয়ে বেশি না ভাবাই শ্রেয়। এ অনাবিল কাব্যভাষ এমনি অযুত ইঙ্গিতকে বাস্তবায়নের পথ করে দেয়। এ কবিতা অমোঘ ও শাশ্বত চলে চলার কথাই বলে। এ কবিতার ছত্রে ছত্রে মুহুর্ত স্মৃতির মৃত্যুর উপশম নিহিত।

    ReplyDelete