উড়ো খাম
একটা শহর লিখেছি তোমার নামে
চিঠি উড়ে গেছে আ্যসফল্টের খামে
দখিনা রোদেতে বৃষ্টিতে মাখামাখি
এখনো দাঁড়িয়ে চৌরাস্তার কোনে।
তোমার শহরে এখনো অনেক ভোর
আমার শহর রাতজাগানিয়া কালি
দেখা নেই তবু মনে কথা সারাদিন
একলা শালিখ ঘুরছে আনমনে।
তোমার বিকেল আমার অপেক্ষায়
ট্রেন চলে গেছে ফাঁকা রেলপথ পড়ে
তুমি আর আমি আজও ভিজছি সাথে
দেখা, হোক বা নাহোক তোমাতে আমাতে।
তুমি তো এখনো বড্ড ছেলেমানুষ
আমার মেয়েমানুষি তোমাকে ঘিরে
মুখ গোমড়ার সমীকরনে তাই
ইলিবিলি কাটি আঙ্গুলে আঙ্গুল ঘিরে।
অনেক অদেখা বরফ জমায় ধীরে
অভিমানে আর দিন কাটে আড়ষ্ঠতায়
রাত নিঃঝুম বকুল শিমুল তলে
ষ্ট্রীটল্যাম্প একা একাই আলো ছড়ায়।
আধেক ভোরে জেগে উঠি ফুঁপিয়ে
মন জেগে ওঠে প্রবল আশঙ্কায়
ছুটে চলে যাই সব অভিমান ফেলে
আজও রাস্তায় চলেছে দুইজনায়।
No comments:
Post a Comment