রং বেরং
আবার এক বসন্ত
ধু ধু হেমন্তের মাঠে তবু বেনো জল
যখন তখন বৃষ্টি ঝরছে অবেলার।
কোনো বন্ধন নেই,
শুধু তাড়া,
ফেরার।
নির্জনতার মধ্যে থাকা,
চুপ করে দেখা,
এও এক ভালোবাসা।
সঙ্গোপনে নিরন্তর খোঁজ,
অন্ধকারের ভালোবাসা।
রাত্রির অন্ধকারে সবুজ নিওনের জীবনচরিত,
নিভৃত স্মৃতিচারন, স্মৃতি যেন জানতে না পারে এমন ভরসায় ,হাত তালুতে মাথা রাখে।
জানে এতদিনে, প্রেম অনন্ত নয়
কাটাকুটি খেলা,
অবশেষে যে পড়ে রয়, সেই জয়ী।
পরাজিতের হার নেই,
তাই শুধু ভালোবেসে যাওয়া।
রাঢ় ভূম ধুলো জমে
প্রেম মালভূমি হয়,
পলাশ গড়িয়ে পড়ে ঢাল গাত্রে ।
নিস্তব্ধ নির্জন ভালোবাসা।
টুপটুপ করে তুলে নেয়
জীবন পুরুষ সন্তর্পনে, আঁজলা করে যেন
কুবেরের ধন, সঞ্চিত সম্পদ।
একটু একটু করে জীবন রাঙ্গাবে তার
পলাশী ভুবন, স্মৃতিকোন।
এখানে কোনো খেদ নেই, খাদ নেই
কৃষ্ণচূড়ার লাল পলাশ আগুন ছড়িয়েছে রাধাচূড়ায়,
তবু বসন্ত থমকে দাঁড়িয়ে আছে নির্জন চাহনিতে, অস্থিরতায়।
এও এক বসন্ত-
এও এক দ্বন্দ্ব-
এও এক ভালোবাসা ।
"...তবু বসন্ত থমকে দাঁড়িয়ে আছে নির্জন চাহনিতে,..." হ্যাঁ বসন্তেরও বসন্তরোগ হয়।
ReplyDelete