Wednesday, February 17, 2021

অবান্তর ৪১

 

        কোলাজ

ভালোবাসি বলেই দূরত্ব মাপি,
যোজন যোজন জল তারপর দ্বীপ,
কি করে ভালোবাসি ?

বাইরে দাঁড়ানো পক্ষীরাজ,
পা ঠুকছে এক দশক ধরে,
অথচ আগের আগের দশকেও তুমি এত নীরব ছিলে না,
যেখানে তোমার হৃদয় পড়তে পারতাম না।

ভাবছো তুমি ভাবছি আমি,
হৃদয় খুঁড়তে খুঁড়তে চোরা হ্রদ,
চোরাশিকারীরা পিচ্ছিল করছে রক্তাক্ত পথ,
তবু বাইরে নির্বিকারের হাসি,
বোঝা যাচ্ছে না কিছুই।

এমনি ভাবেই আরো তিনদশক কেটে যাবে,
দেখা হলেই স্তিমিত রক্ত দ্রুতগামী ,অথচ মুখ স্থির,
যথারীতি গন্তব্যে এগিয়ে দিয়ে , তুমি কর্তব্যপথ ধরবে,
মাঝে পড়ে থাকবে দু ফোঁটা অশ্রু।

রক্তাক্ত জেনেও যে রাত্রিপথ খনন হয়েছে,
তাকে উদযাপনের জন্য আরো এক রাত্রি কান্না লম্বমান।
আকাশের তারারা শুধু হাসিমুখের দিকে চেয়ে আছে।
কখন বৃষ্টি নামবে ?

এক রাত্রি কান্নায় কোথাও প্রেম ছিল না।
কোথাও ভালোবাসা ছিল না।
কোথাও দূরত্ব ছিল না।
কোথাও লজ্জা ছিল না।
শুধু নিঃশর্ত সমর্পণের মুক্তি ছিল।

আয়না দেখলেই যদি কান্না পায়,
প্রতিবিম্বের মত শুধু হাসো, হাসো এবং হেসেই যাও।
দিনের শেষে জোকারেরাও হাততালি কুড়োয়।

বুকে তোলার আগে ধুলো ঝেড়ে নাও,
বসন্তের আগে তো শীতই আসে,
ঝরাপাতাদের গায়েও তো আগুন থাকে,
তাকে জড়িয়ে রাখো, ভরিয়ে রাখো।

যত ভালোবাসছো ততই নীরবতা বাড়ছে,
বিভ্রম ঐ চাউনিতে,
দূরত্ব এত বাড়িয়ো না,
যেথা স্বপ্নরা নাগাল পায় না,
মাঝে মাঝে প্রেমিক হতেও তো ইচ্ছে করে।



No comments:

Post a Comment