Saturday, February 13, 2021

অবান্তর -৪০

                   অকাল কামিনী



অকাল শীতে ঐ যে বস্তিপারের রোগা জিরজিরে কামিনী ছিল দাঁড়িয়ে ,

দেখো -

সেও আজ কাঞ্চনে সজ্জিত হয়ে কাঞ্চনা হয়েছে।

বসন্ত নামের যে অনাগত পুরুষটি জীবনে আসবো আসবো করছে ,

তার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক স্বপ্ন গাঁথছে আর এক স্বপ্ন থেকে পালিয়ে গিয়ে আরেক স্বপ্ন অক্লান্ত হয়ে সাজিয়ে তুলছে তার গালে, মাথায়, কপালে , আর রাঙ্গা অধরে।


একটু একটু করে সাজ সম্পূর্ণ করছে সে, একেবারে রমনী সাজ, চৌদ্দ কলায় পরিপূর্ণ।

পথের মানুষেরা তাকায় আর বলে - ঢ---ং ।

কাঞ্চনা আজ মুচকি হেসে মন ঠাওরায়, জলবিম্বে তাকিয়ে বলে - বয়েই গেছে।

তারপরই বেপাড়ার বেয়াড়া হাওয়ারা ঢলতে এলেই আঁচল সামলে নীরব কটাক্ষে বলে , রাস্তা দেখো।



ভয় সে ঝোড়ো হাওয়াকে করেনি কখনো গভীর রাতেও।

সর্বৈব ভয়, লজ্জা,  তুলে দিয়েছে সে মৃদুমন্দ বসন্তের হাতে ।


1 comment:

  1. বসন্তের আবাহন সত‍্য, সুন্দর ও সার্থক হোক

    ReplyDelete