Tuesday, April 25, 2023

অবান্তর ১৩০ আহা রে জীবন

            আহা রে জীবন 


এসো 
একদিন গাছ হয়ে বাঁচি
গাছেদের দু্ঃখগুলো ঝরে ঝরে দাবানল হয়ে যাক
মচমচে পাতা তৈরী থাকুক বারুদ হবার জন্য।


এসো 
হৃদয়ের পাথরে পাথরে দুঃখ জমাই
কান্নাগুলো জোড়াতালি দিয়ে ঘর বানাই
পাষানের ফাঁকফোকর গুলো আচ্ছা করে বন্ধ রাখি
যাতে ঝর্ণা ঢুকতে না পারে।


এসো
 কখনো গাছের তলার ছায়াভরা ঘাস হয়ে থাকি
নরম সবুজ, বুকের ওমের মত পেঁজা পেঁজা
ভারি কচি অথচ নরম সবুজ ঘাস
যতবার ওরা মরে , ততবার  বেঁচে ওঠে,
ওদের মারা যায় না, শুধুই ভালোবাসা যায় ।
চলো, একবার ঘাস হয়ে বাঁচি।


1 comment:



  1. সবুজ ,সবুঝ প্রত্যয়ের লিপিমালা। রন্ধ্রে রন্ধ্রে প্রশম যোঝনের উদ্যম লিখিত। বারে বারে বেঁচে ওঠার ... আত্মসিক্ততার স্নান-গান ... শুদ্ধ শম গান!
    এ রকম হরিত আকর্ষের অঙ্কুরের তরে উন্মন হয়ে রই। রচয়িতাকে অশেষ ধন্যবাদ।

    ReplyDelete