গজল
হঠাৎ করে উবে গেলে কেমন লাগে জানো?
যেখান থেকে শুরু করেছিলে, সেখানেই শেষ করা যায়!
ভালোবাসতে বাসতে ভালোবাসাটাই ক্ষয়ে যায়,
বাদবাকি সব থাকে ঠিকঠাক, বরং বেশী।
হাত ধরার পরের আর আগের পার্থক্যটা জানো বুঝি?
হাত রয়ে যায় অথচ অন্য হাত নেই।
অন্ধকারটা জমাট বাঁধতে বাঁধতে ধূসর হয়,
রাত বাড়তে বাড়তে ফিকে,
উঠোনের সন্ধ্যামনিরা বীজ ছড়িয়ে চলেছে,
ওদের ভালো বাসাবাসির যেন শেষ নেই।
আ্যয়সী তিরছি নজর সে না দেখো তুম
গজল শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি,
মির্জা গালিব আজ ক্লান্ত।
অথচ এমন কথা ছিল না,
মদির পেয়ালা বাসি হয়ে যায়,
ভৈরবী আহীর হয়ে যায়,
তখনও ঘুমন্ত স্বপ্নেরা টাটকা লালার মত ঠোঁটের কোনে গড়িয়ে পড়ছে -
আজ জানেকো জিদ না করো
উবে যাওয়া পৃথিবীতে রঙ লাগছে,
আবার নতুন দিন, নতুন সকাল
স্বপ্নেরা স্বপ্ন দেখছে।
No comments:
Post a Comment