একদিন সব ঠিক হয়ে যাবে
একদিন সব ঠিক হয়ে যাবে
সত্যিই একদিন সব ঠিক হয়ে যাবে।
বাতাসে থাকবে পর্যাপ্ত অক্সিজেন
শিশুরা খেলবে মাঠে,
অবোধ আঙ্গুল গুলো অসীম ভরসায় আঁকড়ে থাকবে তার রক্ষাকবচ পিতাকে,
গাছ ভর্তি পাখিরা অমলতাসে ঠোঁট ভেজাবে।
তখনও প্রেমিক ধরে থাকবে প্রেমিকার হাত ময়দানের মাঠে,
ভেলপুরীর ঠোঙারা উড়ে উড়ে এক্কাদোক্কা খেলবে,
জ্যোৎস্নার সাথে নতুন করে প্রেমে পড়বে ভিক্টোরিয়ার পরী,
পাহাড়ী বাঁকের ফার্ণ গুলো নতুন পথিকের অপেক্ষা করবে,
সব ঠিক হয়ে যাবে জানো?
বাগান চত্বরে লাগানো গাছগুলো বেড়ে ওঠা বেয়াড়া নখের মত আঁচড় বসাবে,
যেতে আসতে তোমার লাগানো অমলতাসেরা বাঁদরলাঠি হবে,
একদিন সব একটু একটু করে ঠিক হয়ে যাবে,
এমনকি স্থির থেকে যাবে পাহাড়িয়া গাঁয়ের অচেনা মুহুর্ত গুলো।
শুধু
একে অপরকে ঠিক করতে করতে আমরাই কখন বেঠিক হয়ে পড়বো,
দুই বিন্দু সরতে সরতে যেমন বিলীন হয়ে যায়,
তবু একদিন সব ঠিক হয়ে যাবে।
No comments:
Post a Comment