Wednesday, July 15, 2020

কবিতা ৩৬


                    ফেরিওয়ালা


ভালো থেকো বললেই হল, জানো না ,ভালো রাখার দায় থাকে ?
জলসেচনের পর তাপ চাই, চাই সুর্যতাপ।
না হলেই, পাতা হলুদ হতে হতে ফ্যাকাশে ।
অবাঞ্চিত হাওয়া এসে পাতা ছিঁড়ে নেয় একটি দুটি করে, অজান্তেই।

অথচ, তখনও তুমি বলে যাচ্ছো ,
যত্নে থেকো,
অথচ যত্নের ভাগ নিচ্ছো না !
তাই ,একঘর যত্ন কিনেছি,
তেল সাবান শ্যাম্পু্র যত্ন ।
সাজিয়ে রাখছি এবেলা ওবেলা পরিপাটি করে।

একদিন নিশ্চয় ঝোড়ো ফেরিওয়ালা হাঁক দেবে -
যত্ন চাই গো  যত্ন ?  ভালো থাকা চাই? বেশি না গো ,এই দুটাকা পাঁচটাকা ।
সেইদিন একে একে বার করবো সাজ পরীদের।
তারপর একে একে উড়িয়ে দিয়ে বলবো - যত্ন চাই গো ? ভালো থাকা চাই? ভালোবাসা - এখনও পড়ে আছে শেষপাতে ।

আমিও ফেরিওয়ালা হবো ।
     
                      অর্পিতা

1 comment:

  1. দুর্দান্ত লেখনি!
    তবে, যত্নে না রেখে, মাঝে মধ্যে হঠাৎ ধূমকেতুর মতো এসে 'যত্নে থেকো' বলে ... ফের বায়বীয় হয়ে যাওয়া! ফেরিওয়ালা বললে সম্মান দেওয়া হয়। ফেরিওয়ালা যা করেন রুজির টানে; সম্পর্কের ক্ষেত্রে তা হলে একটা অবিশ্বাসযোগ্য চরিত্র হয়ে দাঁড়ায়।নিজেও ফেরিওয়ালা হবেন...? অন্যে অধম হইলে ,আপনি উত্তম হইবেন না কেন!

    ReplyDelete