Saturday, January 4, 2020

মুহূর্তে বাঁচো

              মুহূর্তে বাঁচো

অনেকদিন আলো পড়েনি, হৃদয়ে সোঁদাগন্ধ, কেমন যেন চিমসে, মিসকে মত,
অজান্তেই নাক কুঁচকায় ঘন কুয়াশায়।

যে পথ বেঁকে গেছে সেখানেই একটা টিলা,
খুব ছোট তবু অনতিক্রম্য।

দেখতে পাচ্ছো আগুন জ্বলছে-
দেখতে পাচ্ছোওও
শুনতে পাচ্ছো কি ওদের হাড়কাঁপানো ঠকঠকানির গান।
তিনটে বুড়ো, তিন ভাই ওরা,আপাদমস্তক চাদরমুড়িতে  ওম নিচ্ছে, মুখ তাদের আবৃত।
আমি ওদের নাম দিয়েছি অতীত- বর্তমান- ভবিষ্যত।

পাশাপাশি এত কাছাকাছি তবু টিলাটা অনতিক্রম্য।
ভাবছি, একটা বুলডোজার অথবা ডিনামাইট দিয়ে টিলাটাকে গুঁড়িয়ে একেবারে মিশিয়ে দেব, তারপর ওদের তিনজনকে একটাই নামে ডাকবো- মুহূর্ত ।


      লেখনীতে - অর্পিতা চৌধুরী



1 comment:

  1. অযুত আকাঙ্খার অসীম পঙ্খবিস্তার! সহায় ও সম্বিত কোনও অনিমিখ এক যাদুবাস্তবতায় একরেখায় এসে দাঁড়িয়েছে। মুহুর্তের ঋণশোধার এ কলিরা অনন্য ও অ-অভূতপূর্ব!

    ReplyDelete